ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

গোয়ালন্দে ফেরিঘাট ও ওয়েস্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

রাজবাড়ীর গোয়ালন্দে ফেরিঘাট ও ফেরি পারাপারের ওয়েস্কেল পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে তিনি গোয়ালন্দের ফেরিঘাটে এসে এ পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ফেরিঘাটের সার্বিক কার্যক্রম, যানবাহনের ওজন নির্ধারণ, টিকিটিং ব্যবস্থা এবং ঘাটের অন্যান্য কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এর আগে তিনি মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ঘাটও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এটিএম আব্দুল বারী ড্যানি বলেন, ফেরি পারাপারের ক্ষেত্রে প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত ওজনসীমা রয়েছে। নির্ধারিত সীমার অতিরিক্ত মালামাল পরিবহন করলে তা ওভারওয়েট হিসেবে গণ্য হবে এবং অতিরিক্ত মালামালের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে হবে।

তিনি বলেন, বিআইডব্লিউটিসির কার্যক্রম বর্তমানে অনেকটাই আধুনিকায়নের পর্যায়ে রয়েছে। তবে প্রতিষ্ঠানকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার প্রয়োজন রয়েছে। একটি ‘স্মার্ট বিআইডব্লিউটিসি’ গড়ে তুলতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বলেন, এমন একটি আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে ঢাকায় সংস্থার প্রধান কার্যালয়ে বসেই মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিচালনা করা সম্ভব হবে। অপারেটিং সিস্টেম সঠিকভাবে কাজ করছে কি না, তা মন্ত্রণালয় ও প্রধান কার্যালয় থেকেও পর্যবেক্ষণ করা যাবে।

টিকিটিং ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু ঘাটে নির্ধারিত টিকিটিং ব্যবস্থা রয়েছে, তাই নিয়ম মেনেই টিকিট সংগ্রহ করে যানবাহনকে ফেরিতে পারাপার করতে হবে। ভবিষ্যতে আরও আধুনিক ও স্মার্ট পদ্ধতি চালুর মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিআইডব্লিউটিসির কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর মো. আশিকুজ্জামান, ফাইন্যান্সিয়াল ডিরেক্টর শেখ মোহাম্মদ নাসিম, উপ-সহকারী পরিচালক ছালাম হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রবিউজ্জামান, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. সালাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বশির আহমেদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page